Homeবাংলাদেশনারায়ণগঞ্জে বাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, ডাকাতদের চিনে ফেলায় হত্যা বলছেন স্ত্রী

নারায়ণগঞ্জে বাড়ি থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার, ডাকাতদের চিনে ফেলায় হত্যা বলছেন স্ত্রী

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার একটি বাড়ি থেকে নজরুল ইসলাম (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের মুক্তিশপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নজরুলের স্ত্রীর দাবি, গতকাল বুধবার রাতে বাড়িতে ঢুকে পড়া মুখোশধারী ডাকাত দলের সদস্যদের চিনে ফেলায় নজরুলকে শ্বাসরোধে হত্যা করা হয়। অন্যদিকে পুলিশ বলছে, প্রাথমিকভাবে বাড়িটিতে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি।
নজরুল ইসলাম উপজেলার মুক্তিশপুর গ্রামের গাজী মিয়ার ছেলে এবং পেশায় সুতা ব্যবসায়ী।

ঘটনার বর্ণনায় নজরুলের স্ত্রী শাহানাজ বেগম সাংবাদিকদের বলেন, গতকাল রাত সাড়ে ১২টার দিকে চার–পাঁচজন ব্যক্তি তাঁদের বাড়ির সামনে আসেন। এ সময় তাঁরা নজরুল ইসলামের নাম ধরে ডাকাডাকি করেন। দরজা খোলার পর মুখোশধারী ডাকাত দলটির সদস্যরা ঘরে ঢুকে নজরুল ইসলামের হাত-পা বেঁধে মারধর শুরু করেন। একপর্যায়ে শাহনাজ বেগমকেও হাত-পা ও গলা বেঁধে নির্যাতন করা হয়।

শাহানাজ বেগমের দাবি, ডাকাতেরা ঘরের চাবি নিয়ে আলমারি ও অন্য আসবাব তছনছ করে নগদ ৬০ হাজার টাকা, প্রায় ৫ ভরি স্বর্ণালংকারসহ আনুমানিক ১২ লাখ টাকার মালামাল লুট করে নেন। এ সময় ডাকাতদের চিনে ফেলায় তাঁর স্বামীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থলে থেকে নজরুলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার প্রথম আলোকে বলেন, প্রাথমিকভাবে ডাকাতির সুস্পষ্ট কোনো আলামত পাওয়া যায়নি। নিহত ব্যক্তির গলায় আঘাতের চিহ্ন আছে, তাঁকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। নজরুলের স্ত্রীর হাত-পা বাঁধার চিহ্ন পাওয়া গেছে।

ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে জানিয়ে ওসি বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতা বা দেনা–পাওনার জেরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটানো হতে পারে। জিজ্ঞাসাবাদের জন্য এক ব্যক্তিকে থানায় নেওয়া হয়েছে। এ ছাড়া মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -
Google search engine

Most Popular

Recent Comments